মোবাইল কোর্ট আইন ও সংশ্লিষ্ট বিধানের আওতায় পরিচালিত মামলার সাজা সংক্রান্ত আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে সাত সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার।
রোববার (১২ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের কমিটি বিষয়ক অধিশাখা থেকে এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ‘মোবাইল কোর্ট কার্যক্রমে দ্রুতকৃত সুপারিশ প্রদান কমিটি’র সভাপতি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টাকে। কমিটির সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী, মন্ত্রিপরিষদ সচিব, জনপ্রশাসন সচিব, স্বরাষ্ট্র সচিব, অর্থ সচিব এবং লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ‘সচিব’ বলতে সিনিয়র সচিবকেও বোঝানো হবে।
কমিটির প্রধান দায়িত্ব হবে মোবাইল কোর্টে দেওয়া সাজা সংক্রান্ত আপিল, রিভিশন ও রেফারেন্স দ্রুত নিষ্পত্তির জন্য প্রয়োজনীয় সুপারিশ করা।
এ ছাড়া মোবাইল কোর্ট পরিচালনার সহায়ক ব্যবস্থা, প্রয়োজনীয় সরঞ্জাম ও আনুষঙ্গিক সহায়তা নিশ্চিত করার বিষয়েও সুপারিশ দেবে কমিটি।
প্রয়োজনে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, দপ্তর ও অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সভায় আমন্ত্রণ জানাতে পারবে কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগ কমিটিকে সাচিবিক সহায়তা প্রদান করবে।