দেশের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতির অবনতির প্রেক্ষাপটে দুর্গত মানুষের উদ্ধার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং ত্রাণ কার্যক্রম জোরদারে নেতাকর্মীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।
শুক্রবার (১০ জুলাই) সংগঠনটির পক্ষ থেকে জারি করা এক নির্দেশনায় চট্টগ্রাম, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার, সিলেট, মৌলভীবাজার ও সুনামগঞ্জসহ বন্যাকবলিত বিভিন্ন জেলার বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরা হয়।
নির্দেশনায় বলা হয়, টানা বর্ষণ ও ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে দেশের বিভিন্ন অঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এ অবস্থায় দুর্গত মানুষের জীবন ও সম্পদ রক্ষায় এবং জরুরি ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনায় সংশ্লিষ্ট ইউনিটের নেতাকর্মীদের সক্রিয়ভাবে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।
ছাত্রদল আরও জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকে প্রাকৃতিক দুর্যোগ ও জাতীয় সংকটের সময় সংগঠনের নেতাকর্মীরা সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে। সেই ধারাবাহিকতায় চলমান বন্যা পরিস্থিতিতেও মানবিক সহায়তা কার্যক্রমে সর্বোচ্চ ভূমিকা রাখতে সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়েছে।