বন্যাকবলিত মানুষের সহায়তায় সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন।
শুক্রবার (১০ জুলাই) রাজধানীর মিরপুরে সরকারি বাংলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাহদী আমিন জানান, প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে এখন পর্যন্ত বন্যাদুর্গতদের জন্য ২ কোটি ১৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ মোকাবিলায় বিভিন্ন সমন্বিত পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে সার্বক্ষণিকভাবে দুর্গত এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। দুর্যোগ পরিস্থিতির কারণে চট্টগ্রাম অঞ্চলে এইচএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে।
মাহদী আমিন আরও জানান, চট্টগ্রাম বিভাগের ক্ষতিগ্রস্ত এলাকায় এখন পর্যন্ত ১ হাজার ৫৭টি আশ্রয়কেন্দ্র চালু করা হয়েছে, যেখানে ১২ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছেন।
তিনি বলেন, জেনারেল রিলিফ (জিআর) কর্মসূচির আওতায় চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবান—এই পাঁচ জেলার জন্য ২ কোটি ১৫ লাখ টাকা এবং ৩ হাজার ৪৫০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি দুর্গত এলাকায় নিরাপদ খাবার পানি, স্যানিটেশন, স্বাস্থ্যসেবা, শিশুখাদ্য এবং তিন বেলা খাবার সরবরাহ নিশ্চিত করার ব্যবস্থা নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, পাহাড়ি এলাকায় উদ্ধার কার্যক্রম জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনীও মোতায়েন করা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে প্রকাশিত এক পোস্টে তিনি চট্টগ্রাম অঞ্চলের দুর্যোগ মোকাবিলায় প্রধানমন্ত্রীর নির্দেশিত ১০টি পদক্ষেপের বিষয়েও বিস্তারিত তুলে ধরেছেন।