ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান বলেছেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহালের বিষয়টি দেশের রাজনীতির জন্য ইতিবাচক। তবে ভবিষ্যতে কোনো সরকার যেন দলীয় স্বার্থে সংবিধান সংশোধন করতে না পারে, সে জন্য প্রয়োজনীয় সাংবিধানিক ব্যবস্থা নিশ্চিত করার আহ্বান জানান তিনি।
বৃহস্পতিবার (৯ জুলাই) এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।
বিবৃতিতে মাওলানা গাজী আতাউর রহমান বলেন, সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ও গণভোটের বিধান পুনর্বহাল-সংক্রান্ত হাইকোর্টের রায় বহাল রয়েছে। তাঁর মতে, এ রায় বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
তিনি বলেন, এ রায়ের পেছনের রাজনৈতিক প্রেক্ষাপটও বিবেচনায় নেওয়া প্রয়োজন। তাঁর ভাষ্য, নব্বইয়ের দশকের আন্দোলনের মাধ্যমে যে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চালু হয়েছিল, তা পরবর্তীতে সাংবিধানিক ক্ষমতা ব্যবহার করেই বাতিল করা হয়েছিল।
ইসলামী আন্দোলনের মহাসচিব আরও বলেন, ফ্যাসিবাদের পতনের পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরে এলেও দলীয় স্বার্থে সংবিধান সংশোধনের সুযোগ এখনো বিদ্যমান রয়েছে। এ সুযোগ বন্ধ করতে জুলাই সনদ বাস্তবায়নের প্রয়োজন রয়েছে বলেও তিনি মন্তব্য করেন।