বাংলাদেশের জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়ানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে দুই দেশ। এ লক্ষ্যে জ্বালানি ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ নিয়ে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস শেন এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
বুধবার (৮ জুলাই) সচিবালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে তুরস্ক দূতাবাসের বাণিজ্য কাউন্সেলর বিলাল বেলইউর্ত এবং ইউনাইটেড আইগাজ এলপিজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন ওরতাচ উপস্থিত ছিলেন।
বৈঠকে তুরস্কের রাষ্ট্রদূত বাংলাদেশ ও তুরস্কের বিদ্যমান দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি তুলে ধরেন। পাশাপাশি বাংলাদেশে তুরস্কের বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বাংলাদেশে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানান। তিনি দেশের জ্বালানি খাতে, বিশেষ করে এলএনজি সরবরাহে বিদেশি বিনিয়োগ ও অংশগ্রহণ বাড়াতে সরকারের আগ্রহের কথা জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে বাণিজ্য ঘাটতি কমাতে সরকার-টু-সরকার (জি-টু-জি) সহযোগিতা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়। একই সঙ্গে ধর্মীয় ও সাংস্কৃতিক সম্পর্কের ভিত্তিতে দুই দেশের অর্থনৈতিক অংশীদারত্ব আরও জোরদারের বিষয়ে আলোচনা হয়।
উভয় পক্ষ বাংলাদেশ ও তুরস্কের মধ্যে ক্রমবর্ধমান অর্থনৈতিক ও জ্বালানি সহযোগিতায় সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে জ্বালানি খাতে সহযোগিতার নতুন সম্ভাবনাময় ক্ষেত্রগুলো চিহ্নিত করার বিষয়ে মতবিনিময় করে।