বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান দাবি করেছেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ষড়যন্ত্রের মাধ্যমে ১১ দলীয় জোটকে পরাজিত করা হয়েছে এবং এ ঘটনায় অন্তর্বর্তী সরকারেরও সম্পৃক্ততা রয়েছে।
বুধবার (৮ জুলাই) রাজধানীর কাকরাইলে আইডিইবি মাল্টিপারপাস হলে আয়োজিত ‘জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের বিচার এবং আমাদের বাস্তবতা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, নির্বাচন সরকার ও জনগণের জন্য হলেও অন্তর্বর্তী সরকার বিএনপির সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত ছিল। তিনি অভিযোগ করেন, নির্বাচনের ফলাফল মেনে নেওয়া হলেও গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে কোনো আপস করা হবে না। জনগণের অধিকার রক্ষায় নতুন বা পুরোনো কোনো ধরনের ফ্যাসিবাদ মেনে নেওয়া হবে না বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ নানা ধরনের নির্যাতন, গুম ও হত্যার শিকার হয়েছে। এ সময় মজলুমদের অনেকেই এখন জালিম হওয়ার পথে বলে মন্তব্য করেন জামায়াত আমির।
সেমিনারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেন, দেশে আর রক্তপাত এড়াতে হলে সরকারের উচিত গণভোটের রায় বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ নেওয়া। তিনি রাজনৈতিক স্থিতিশীলতা ও জনগণের প্রত্যাশা পূরণে দ্রুত উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।