সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার কঠোর সমালোচনা করেছেন তার সরকারের সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ।
শনিবার (৪ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
সোহেল তাজ বলেন, “একজন মানুষের ইগো বা অহংকার যে একটি দেশ ও দলকে ধ্বংস করতে পারে, তার উদাহরণ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার পরিবার।”
সাবেক প্রধানমন্ত্রীর দেশে ফেরার প্রসঙ্গ তুলে তিনি আরও বলেন, গণহত্যা, গুম, খুন, দুর্নীতি, গণতন্ত্রকে ধ্বংস করা এবং মুক্তিযুদ্ধের চেতনার অপব্যবহারের অভিযোগের মাধ্যমে দেশ ও জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে। তার দাবি, এসব কর্মকাণ্ডের ফলে আওয়ামী লীগ ধ্বংসের মুখে পড়েছে এবং দলীয় নেতাকর্মীরাও বিপদের মধ্যে পড়েছেন।
তিনি আরও বলেন, এসব কর্মকাণ্ডের মাধ্যমে দেশের অর্থ লুটপাট করে বিপুল অর্থ বিদেশে পাচার করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে। তিনি ২০০১ ও ২০০৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে গাজীপুর-৪ (কাপাসিয়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৯ সালে তিনি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর দায়িত্ব পান। পরে ব্যক্তিগত কারণ দেখিয়ে একই বছর মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন। ২০১২ সালে তিনি সংসদ সদস্য পদ থেকেও পদত্যাগ করেন।