নামকাওয়াস্তে ‘জুলাই’ পালন করলে হবে না বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, জুলাইয়ের আকাঙ্ক্ষিত বাংলাদেশ এখনো গড়ে ওঠেনি এবং আন্দোলনে আহত ও নিহত ব্যক্তিদের অনেকেই এখনো ন্যায়বিচার পাননি।
বুধবার (১ জুলাই) সকালে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে ঘোষিত ৩৬ দিনের কর্মসূচির প্রথম দিনে ঢাকার রায়েরবাজারে জুলাই আন্দোলনে নিহতদের গণকবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
.
নাহিদ ইসলাম বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে জুলাই-সংশ্লিষ্ট মাত্র দুটি মামলার রায় হয়েছে। বিচার কার্যক্রমে ধীরগতি দেখা যাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। তার মতে, বিচার প্রক্রিয়াকে আরও দ্রুত ও কার্যকর করা প্রয়োজন।
.
তিনি জুলাই আন্দোলনে নিহতদের কবরস্থানগুলো সংরক্ষণের দাবি জানান। একই সঙ্গে বলেন, আজ থেকে আগামী ৫ আগস্ট পর্যন্ত ৩৬ দিনব্যাপী সারাদেশে ‘জুলাই’কে কেন্দ্র করে এনসিপির বিভিন্ন কর্মসূচি চলবে।
নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই যোদ্ধাদের যথাযথ পুনর্বাসন নিশ্চিত করতে হবে। পাশাপাশি জুলাই সনদ বাস্তবায়ন এবং রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় সংস্কারও জরুরি। তিনি দ্রুত জুলাই জাতীয় জাদুঘর চালুর দাবি জানিয়ে বলেন, ৫ আগস্টের মধ্যে এটি চালু না হলে জনগণ নিজেরাই তা খুলে দেবে।
সরকারকে জুলাইয়ের চেতনা ও গণঅভ্যুত্থানের পক্ষে নিজেদের অবস্থান স্পষ্টভাবে প্রমাণ করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দেওয়া কারাদণ্ড প্রসঙ্গেও কথা বলেন নাহিদ ইসলাম। তার মতে, ইনুকে দেওয়া ১০ বছরের কারাদণ্ড যথেষ্ট নয়। তিনি আশা প্রকাশ করেন, এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।