হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিং পরিচালনা ও রাজস্ব বণ্টন নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, টার্মিনালটির গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব পাচ্ছে একটি জাপানি কোম্পানি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি চূড়ান্তভাবে নিষ্পত্তি করা হয়। পরে তৃতীয় টার্মিনাল দ্রুত চালুর জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২২ ফেব্রুয়ারি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।
২০১৭ সালে ২১ হাজার কোটি টাকার বেশি ব্যয়ে তৃতীয় টার্মিনাল প্রকল্প অনুমোদন করা হয়। এর মধ্যে সরকার প্রায় ৫ হাজার কোটি টাকা দিয়েছে এবং বাকি অর্থ জাপান ঋণ হিসেবে দিয়েছে।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম জানান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সঙ্গে জাপানি কনসোর্টিয়ামের চুক্তি চলতি মাসেই স্বাক্ষরের চেষ্টা চলছে। চুক্তি অনুযায়ী রাজস্ব বণ্টনে জাপান পাবে ৭৩ শতাংশ এবং বাংলাদেশ পাবে ২৭ শতাংশ।
চূড়ান্ত চুক্তির পর জাপান এয়ারপোর্ট টার্মিনাল কোম্পানি, সুমিতোমো কর্পোরেশন, নিপ্পন কোয়েই ও নারিতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট কর্পোরেশন নিয়ে গঠিত কনসোর্টিয়াম টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব গ্রহণ করবে।