জাতীয় সংসদে ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, দেশের সবচেয়ে বড় মাদকের চালান কক্সবাজারের টেকনাফ সীমান্ত দিয়ে আসে। এ বিষয়ে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ দীর্ঘদিন ধরেই উদ্বেগের বিষয়।
শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্দেশ করে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর বলেন, অতীতে টেকনাফের মাদক চোরাচালান নিয়ে বিভিন্ন ব্যক্তির নাম আলোচনায় এসেছে। বর্তমানে ওই চক্রগুলোর বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া প্রয়োজন। তাঁর ভাষায়, আইন প্রণয়ন করাই যথেষ্ট নয়; তা কার্যকর করতে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা ও সাহস।
দেশে মাদক পরিস্থিতিকে অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সীমান্ত দিয়ে মাদক প্রবেশ বন্ধে আরও কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।
নিজ নির্বাচনী এলাকার স্বাস্থ্যসেবার চিত্র তুলে ধরে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ঢাকা-৩ আসনে একটি ১০ শয্যার হাসপাতাল থাকলেও সেটি কার্যত অচল। তাঁর দাবি, হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসক ও রোগী নেই। প্রায় ১৫ লাখ মানুষের এই এলাকায় এমন একটি অকার্যকর হাসপাতাল স্বাস্থ্যসেবার দুর্বলতারই প্রতিফলন।