প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, মালয়েশিয়া ও চীন সফরে তিনি দেশের স্বার্থ ও জনগণের কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আলোচনা করেছেন। শনিবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বক্তব্য রাখতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
প্রধানমন্ত্রী বলেন, দেশের জনগণ সরকারকে তাদের স্বার্থ রক্ষার দায়িত্ব দিয়েছে। সেই দায়িত্ব পালনের অংশ হিসেবেই তিনি বিদেশ সফরে বাংলাদেশের স্বার্থকে অগ্রাধিকার দিয়ে বিভিন্ন বিষয় তুলে ধরেছেন।
তিনি বলেন, বিএনপির রাজনৈতিক দর্শনের অন্যতম মূলনীতি ‘বাংলাদেশ ফার্স্ট’ এবং সরকারের কর্মকাণ্ডেও সেই নীতির প্রতিফলন ঘটানোর চেষ্টা করা হচ্ছে।
তারেক রহমান আরও বলেন, বিদেশ সফরে যদি কোনো ইতিবাচক অর্জন হয়ে থাকে, সেটি ব্যক্তিগত বা দলীয় অর্জন নয়; বরং তা বাংলাদেশের এবং দেশের মানুষের অর্জন।
তিনি আশা প্রকাশ করেন, এসব সফরের মাধ্যমে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী হবে এবং দেশের অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগে ইতিবাচক প্রভাব পড়বে।
বক্তব্যের শেষদিকে সংসদের সব সদস্যকে, বিশেষ করে বিরোধীদলীয় নেতাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, দেশের স্বার্থে সরকার ও বিরোধী দলের গঠনমূলক সহযোগিতা গণতন্ত্রকে আরও শক্তিশালী করবে এবং জাতীয় উন্নয়নের পথকে সুগম করবে।