মালয়েশিয়া ও চীনে রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (২৬ জুন) রাত পৌনে ৮টায় তাকে বহনকারী বিমান রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে বাংলাদেশ সময় বিকেল ৩টায় চীনের রাজধানী বেইজিং থেকে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা হন তিনি। সফরে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জোবাইদা রহমানসহ প্রতিনিধিদলের সদস্যরা।
প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির জ্যেষ্ঠ নেতারা, সরকারের মন্ত্রিপরিষদের সদস্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তবে প্রধানমন্ত্রীর সফর শেষে দেশে ফেরাকে কেন্দ্র করে কোনো শোডাউন বা র্যালি না করার নির্দেশনা দেওয়া হয়েছিল।
চীন সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এবং প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে বৈঠক করেন। বৈঠক শেষে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে দুটি চুক্তি এবং ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
এর আগে মালয়েশিয়া সফরেও বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে তিনটি চুক্তি এবং একটি সমঝোতা স্মারক সই হয়।