কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর নির্দেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ ফয়জুল করীমের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। তিনি বলেন, সংবাদমাধ্যমের মাধ্যমে জানতে পেরেছেন যে তার নির্বাচনী এলাকা কুমিল্লা সদর দক্ষিণ থানায় চরমোনাই পীরের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে এ বিষয়ে তিনি আগে অবগত ছিলেন না এবং কারা মামলা করেছেন সে সম্পর্কেও তার কোনো ধারণা ছিল না।
ফেসবুক পোস্টে মনিরুল হক চৌধুরী জানান, মামলার বিষয়টি জানার পর তিনি নেতাকর্মীদের বাদীর সঙ্গে যোগাযোগ করে সমাধানের উদ্যোগ নিতে এবং মামলা প্রত্যাহারের অনুরোধ করতে নির্দেশ দেন। পরে বাদী মামলা প্রত্যাহারে সম্মত হন। একই সঙ্গে তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও তার আইনজীবীকেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
তিনি আরও উল্লেখ করেন, সংসদে সংঘটিত একটি অনভিপ্রেত ঘটনাকে কেন্দ্র করে তার যে অভিযোগ ছিল, তা তিনি সংসদেই যথাযথ প্রক্রিয়ায় উত্থাপন করেছেন। তিনি সবসময় আইন, শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার পক্ষে বলে মন্তব্য করেন।
উল্লেখ্য, গত ২০ জুন জালাল আহমেদ খোকন তালুকদার নামে এক ব্যক্তি চরমোনাই পীরের বিরুদ্ধে মামলাটি দায়ের করেছিলেন।