মোঃ সোবেল মিয়া, ব্রাহ্মণবাড়িয়া, প্রতিনিধি
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে এবং সাংগঠনিক সপ্তাহ পালন উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
বুধবার (২৪ জুন) বিকেলে জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে জেলা যুবদলের উদ্যোগে একটি মিছিল বের করা হয়। জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদের নেতৃত্বে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়।
পরে সেখানে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে নেতারা বিভিন্ন সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে বক্তব্য দেন। তারা গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠা এবং জনসম্পৃক্ত রাজনীতিকে এগিয়ে নিতে যুবদলের সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা অভিযোগ করে বলেন, দেশে অস্থিতিশীলতা ও নাশকতার পরিবেশ সৃষ্টির অপচেষ্টা চলছে। তারা এসব কর্মকাণ্ড প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। একই সঙ্গে সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দেন।
সমাবেশে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ-সভাপতি রাশেদুল হক, নাসির আহমেদ ও রাশেদ কবীর আকন্দ, যুগ্ম সাধারণ সম্পাদক সজিবুর রহমান, সৈয়দ তৈমুর ও রুমেল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক আতিকুল হক জালাল, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট আরিফুল হক মাসুদ, সদস্য সচিব অ্যাডভোকেট ইয়াছিন মিয়াসহ জেলা ও পৌর যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
সমাবেশ শেষে নেতাকর্মীরা সংগঠনের কেন্দ্রীয় কর্মসূচি সফল করার প্রত্যয় ব্যক্ত করেন।