ইতালির নেপলসভিত্তিক ফোকাস (FOQUS) ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল ঢাকায় এসে প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছে। দক্ষিণ ইতালির বিভিন্ন শহরে দারিদ্র্য, শিক্ষার নিম্নমান, আবাসন সংকট এবং অভিবাসী জনগোষ্ঠীর সমস্যার টেকসই সমাধানে তাঁর সহযোগিতা কামনা করেন তারা।
প্রতিনিধি দলে ছিলেন ফোকাস ফাউন্ডেশনের প্রেসিডেন্ট রাকেলে ফুরফারো এবং জেনারেল ম্যানেজার রেনাতো কোয়াগলিয়া। তারা ঢাকাস্থ ইউনূস সেন্টারে প্রফেসর ইউনূসের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে নেপলস, পালের্মো ও পোটেনজাসহ দক্ষিণ ইতালির পিছিয়ে থাকা ও ঝুঁকিপূর্ণ শহরাঞ্চলের উন্নয়নে শিক্ষা, সামাজিক উদ্যোগ (সোশ্যাল এন্টারপ্রাইজ) এবং কমিউনিটিভিত্তিক উদ্ভাবনের ব্যবহার নিয়ে আলোচনা হয়। প্রতিনিধি দল জানায়, দীর্ঘদিন ধরে এসব সমস্যা সমাধানে কাজ করলেও কাঙ্ক্ষিত অগ্রগতি অর্জিত হয়নি। তাই আরও কার্যকর ও দীর্ঘমেয়াদি সমাধানের জন্য তারা প্রফেসর ইউনূসের অভিজ্ঞতা ও নেতৃত্বকে কাজে লাগাতে আগ্রহী।
ফোকাস ফাউন্ডেশন শিক্ষা, জনকল্যাণ, উদ্যোক্তা উন্নয়ন, সংস্কৃতি এবং সামাজিক উদ্ভাবনের মাধ্যমে নগর পুনরুজ্জীবনে কাজ করে। নেপলসের কোয়ার্তিয়েরি স্পানিওলি এলাকায় শুরু হওয়া তাদের কার্যক্রম বর্তমানে দক্ষিণ ইতালির অন্যান্য অঞ্চলেও সম্প্রসারিত হচ্ছে।
আলোচনায় প্রফেসর ইউনূসের সামাজিক ব্যবসা (সোশ্যাল বিজনেস) মডেল দক্ষিণ ইতালিতে প্রয়োগের সম্ভাবনা গুরুত্ব পায়। এ লক্ষ্যে ইউনূস সেন্টার ও ফোকাস ফাউন্ডেশনের মধ্যে সহযোগিতার ভিত্তিতে একটি ‘মেডিটেরেনিয়ান সোশ্যাল ইনোভেশন সেন্টার’ প্রতিষ্ঠার প্রস্তাবও উত্থাপন করা হয়।
প্রস্তাবিত কেন্দ্রটি প্রফেসর ইউনূসের ‘তিন শূন্যের পৃথিবী’—শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ—দর্শনের আলোকে পরিচালিত হবে। শিক্ষা, সামাজিক উদ্ভাবন, সামাজিক ব্যবসা এবং কমিউনিটিভিত্তিক উদ্যোগের মাধ্যমে এটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই উন্নয়নের একটি আঞ্চলিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলে আশা প্রকাশ করা হয়।