জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ও সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, রাজনৈতিক জীবন সহজ নয়; এতে ত্যাগ, ঝুঁকি ও সংগ্রাম জড়িয়ে থাকে।
সোমবার (২২ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা বলেন।
পোস্টে তিনি তার প্রথম সংসদীয় বক্তব্য দেওয়ার অভিজ্ঞতা তুলে ধরে বলেন, গত ১৭ বছরে অনেক মানুষ নানা ধরনের ত্যাগ ও কষ্টের মধ্য দিয়ে গেছেন। তার ভাষ্য, এ কারণেই বর্তমান সংসদকে অনেকে ‘মজলুমের সংসদ’ বলে থাকেন।
মাহমুদা মিতু লেখেন, এই সংসদে বিভিন্ন ব্যক্তিগত ও রাজনৈতিক সংগ্রামের অভিজ্ঞতা নিয়ে আসা প্রতিনিধিদের পাশাপাশি জুলাই আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা তরুণ নেতৃত্ব এবং অভিজ্ঞ রাজনীতিবিদরাও রয়েছেন।
রাজনীতিতে নিজের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে তিনি বলেন, “রাজনীতিতে আসার অভিজ্ঞতা যদি এক কথায় বলতে হয়, তাহলে বলব— বহুদিন সেই শান্তির ঘুমটা আর ঘুমাই না।”
তিনি আরও দাবি করেন, তার প্রথম সংসদীয় বক্তব্য সরকার ও বিরোধী দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের কাছ থেকে ইতিবাচক সাড়া পেয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন, এসব অভিজ্ঞতা তাকে আরও দৃঢ় ও সহনশীল হতে সহায়তা করেছে।
পোস্টের শেষাংশে তিনি দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে সতর্কবার্তা দিয়ে বলেন, বহু ত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশকে অতীতের পরিস্থিতিতে ফিরিয়ে নেওয়া উচিত হবে না।