কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখতে ৫০ কোটি টাকা ঘুসের প্রস্তাব দেওয়ার অভিযোগের বিষয়ে সংসদ সদস্য মুফতি আমির হামজাকে জিজ্ঞাসাবাদের দাবি জানিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান বরাবর আবেদন করা হয়েছে।
সোমবার (২২ জুন) কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হৃদয় হাসান এ আবেদন জমা দেন।
আবেদনে উল্লেখ করা হয়, গত ২৬ ফেব্রুয়ারি কুষ্টিয়ায় এক ইফতার মাহফিলে কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা দাবি করেছিলেন যে, কুষ্টিয়া মেডিকেল কলেজ বন্ধ রাখার জন্য তাকে ৫০ কোটি টাকার ঘুসের প্রস্তাব দেওয়া হয়েছিল। তার এ বক্তব্য বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
আবেদনকারী দাবি করেন, এত গুরুতর অভিযোগ প্রকাশ্যে আনার পরও ঘুসের প্রস্তাবদাতাদের পরিচয়, ঘটনার সময়, স্থান বা সংশ্লিষ্ট তথ্য প্রকাশ করা হয়নি। পাশাপাশি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ বা তদন্তও হয়নি।
আবেদনে অভিযোগের সত্যতা যাচাই, সংশ্লিষ্ট ব্যক্তিদের শনাক্তকরণ এবং প্রয়োজনীয় অনুসন্ধানের স্বার্থে দুদকের হস্তক্ষেপ কামনা করা হয়।
হৃদয় হাসান বলেন, চলতি বছরের ১ এপ্রিল আমির হামজাকে একটি লিগ্যাল নোটিশ পাঠিয়ে সাত দিনের মধ্যে ঘুসের প্রস্তাবদাতাদের নাম প্রকাশ অথবা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছিল। তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।
এ কারণে অভিযোগের প্রকৃততা যাচাই এবং প্রয়োজনীয় তদন্তের জন্য দুদকের কাছে আবেদন করা হয়েছে বলে জানান তিনি।