সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের পদায়ন এবং কর্মরত শিক্ষকদের বদলি কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে জাতীয়, বিভাগীয়, জেলা এবং উপজেলা/থানা পর্যায়ে চার স্তরের কমিটি গঠন করেছে সরকার।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয়-২ অধিশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। উপসচিব রাজীব কুমার সরকার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে গঠিত এসব কমিটি অবিলম্বে কার্যকর হবে।
প্রজ্ঞাপন অনুযায়ী, জাতীয় পর্যায়ে সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে, যা সহকারী শিক্ষকদের বদলির আবেদন যাচাই-বাছাই ও নিষ্পত্তি করবে। আন্তঃবিভাগ ও আন্তঃসিটি করপোরেশন পর্যায়ের বদলির আবেদনও এ কমিটির তত্ত্বাবধানে নিষ্পত্তি হবে।
বিভাগীয় পর্যায়ে বিভাগীয় কমিশনারের নেতৃত্বে গঠিত কমিটি একই বিভাগের মধ্যে (সিটি করপোরেশন ব্যতীত) শিক্ষকদের বদলির আবেদন পর্যালোচনা ও অনুমোদন করবে।
জেলা পর্যায়ে জেলা প্রশাসকের নেতৃত্বে গঠিত কমিটির মাধ্যমে নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকদের লটারির মাধ্যমে বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পদায়ন করা হবে। একই জেলার মধ্যে শিক্ষকদের বদলির আবেদনও এ কমিটি যাচাই-বাছাই করবে।
অন্যদিকে উপজেলা বা থানা পর্যায়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নেতৃত্বে গঠিত কমিটি একই উপজেলার মধ্যে শিক্ষকদের বদলির আবেদন নিষ্পত্তির দায়িত্ব পালন করবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যেসব বিদ্যালয়ে আগে প্রতিস্থাপন সাপেক্ষে বদলির আদেশ দেওয়া হয়েছে, সেখানে অগ্রাধিকার ভিত্তিতে শিক্ষক পদায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি প্রতিটি কমিটিকে নিয়মিত সভা করে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন জমা দিতে হবে।