জাতীয় সংসদের চলমান বাজেট অধিবেশনে মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন। এ সময় সংসদে মন্ত্রীদের উপস্থিতি কম হওয়ায় উষ্মা প্রকাশ করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদও।
সোমবার (২২ জুন) স্পিকারের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে বিষয়টি উত্থাপন করেন সাইফুল আলম খান মিলন।
তিনি বলেন, বাজেট অধিবেশনের মতো গুরুত্বপূর্ণ সময়ে অনেক মন্ত্রীর আসন খালি দেখা যাচ্ছে। স্বাস্থ্যমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীসহ বেশ কয়েকজন মন্ত্রী অধিবেশনে উপস্থিত নেই উল্লেখ করে তিনি এ বিষয়ে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন।
জবাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও বেশি উপস্থিতি প্রত্যাশা করেন তিনি। তিনি মন্তব্য করেন, অন্তত অর্থমন্ত্রী নিয়মিত অধিবেশনে উপস্থিত আছেন। পাশাপাশি অন্যান্য মন্ত্রীদেরও সংসদে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।
স্পিকার বলেন, বাজেট অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। মন্ত্রীরা উপস্থিত থাকলে সংসদের কার্যক্রম আরও ফলপ্রসূ হবে।
পরে জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় বিভিন্ন দায়িত্ব পালনে ব্যস্ত থাকেন। তবে সংসদে তাদের উপস্থিত থাকা উচিত। তিনি জানান, অর্থমন্ত্রী পুরো সময় অধিবেশনে উপস্থিত থেকে বাজেট-সংক্রান্ত আলোচনায় অংশ নিচ্ছেন।
চিফ হুইপ আরও বলেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিয়মিত সংসদে উপস্থিত থাকেন এবং অন্যান্য মন্ত্রীরাও বিভিন্ন সময়ে অংশ নেন। তবে অনুপস্থিত সদস্যদেরও সংসদীয় কার্যক্রমে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।
এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন বলেন, মন্ত্রীদের অনুপস্থিতির প্রসঙ্গ তোলার আগে বিরোধী দলের নেতাদের উপস্থিতির বিষয়টিও বিবেচনা করা উচিত। তিনি উল্লেখ করেন, অধিবেশনে বিরোধী দলের নেতা ও উপনেতাও উপস্থিত ছিলেন না।
এর জবাবে স্পিকার বলেন, মন্ত্রীদের উপস্থিতি সংসদীয় কার্যক্রম পরিচালনার জন্য বেশি গুরুত্বপূর্ণ। তবে সংসদের সৌন্দর্য ও কার্যকারিতা বজায় রাখতে সরকার ও বিরোধী দল—উভয় পক্ষের সদস্যদের উপস্থিতি কাম্য।