চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে মুচলেকা নিয়ে ছেড়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২১ জুন) গভীর রাত দেড়টার দিকে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয় বলে নিশ্চিত করেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) প্রধান শফিকুল ইসলাম।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দুপুরে রাজধানী থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহায়তায় সজীবকে হেফাজতে নেয় নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে তাকে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয় এবং পরে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকার ডিবি কার্যালয়ে আনা হয়।
নারায়ণগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও অপারেশন) তারেক আল মেহেদী জানান, চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছিল।
এদিকে ঘটনার পরপরই খাইরুল ইসলাম সজীবকে নারায়ণগঞ্জ জেলা যুবদল থেকে বহিষ্কার করা হয়। রোববার রাতে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সভাপতির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ ও বিভিন্ন অনিয়মে জড়িত থাকার অভিযোগে সজীবকে প্রাথমিক সদস্যপদসহ সব সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে তার সঙ্গে দলীয় নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশ দেওয়া হয়েছে।