গাইবান্ধায় ছাত্রশিবিরের ইউনিয়ন সভাপতি সাইফুল্লাহ হত্যার প্রতিবাদে আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে বিএনপির বিরুদ্ধে কঠোর বক্তব্য দিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম।
রোববার রাতে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল শেষে শাহবাগে অনুষ্ঠিত সমাবেশে তিনি এ মন্তব্য করেন।
সমাবেশে নূরুল ইসলাম বলেন, দীর্ঘদিন রাজপথে আন্দোলনে অংশ নেওয়ার পরও ক্ষমতায় এসে বিএনপি আওয়ামী লীগের মতোই স্বৈরাচারী ও সহিংস রাজনৈতিক পথ অনুসরণ করছে। তিনি অভিযোগ করেন, গাইবান্ধায় ছাত্রশিবির নেতা সাইফুল্লাহর ওপর হামলা ও হত্যাকাণ্ড রাজনৈতিক সহিংসতারই বহিঃপ্রকাশ।
ছাত্রশিবির সভাপতি এ ঘটনার জন্য যুবদলের নেতাকর্মীদের দায়ী করে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানান। তিনি অবিলম্বে জড়িতদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান।
নূরুল ইসলাম সতর্ক করে বলেন, হত্যাকারীদের বিচার নিশ্চিত না হলে ছাত্রসমাজ রাজপথে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে। একই সঙ্গে তিনি বলেন, জনগণ অতীতে সহিংস রাজনীতিকে প্রত্যাখ্যান করেছে, ভবিষ্যতেও কোনো দল যদি একই পথে হাঁটে তবে তাদেরও জনগণের বিচারের মুখোমুখি হতে হবে।
সমাবেশে ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।