আলী আক্কাস (মুন্সিগঞ্জ প্রতিনিধি)
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার দিঘীরপাড় এলাকার দীর্ঘদিনের জনদুর্ভোগ নিরসন ও অবকাঠামোগত উন্নয়নের দাবিতে জেলা প্রশাসকের (ডিসি) বরাবর স্মারকলিপি ও গণস্বাক্ষর জমা দিয়েছেন দিঘীরপাড় যুব সমাজ ও আলেম সমাজের নেতৃবৃন্দ।
রোববার (২১ জুন) মুন্সিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী-এর কাছে এ স্মারকলিপি প্রদান করা হয়। এ সময় এলাকার যুব সমাজ, আলেম-ওলামা, শিক্ষক, সাংবাদিক, প্রবীণ সমাজের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। স্থানীয় বাসিন্দাদের স্বাক্ষরসংবলিত গণস্বাক্ষরপত্রও জেলা প্রশাসকের কাছে হস্তান্তর করা হয়।
স্মারকলিপিতে চারটি গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো— দিঘীরপাড় ব্রিজ নির্মাণ, কান্দারবাড়ি এলাকায় নদীভাঙন রোধে স্থায়ী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ, গুরুত্বপূর্ণ সড়ক পাকাকরণ এবং জনসাধারণের যাতায়াত ও জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা।
এ সময় বক্তারা বলেন, দিঘীরপাড় ব্রিজের অভাবে এলাকাবাসী দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও সাধারণ মানুষের চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি সৃষ্টি হচ্ছে। এছাড়া কান্দারবাড়ি এলাকায় ভয়াবহ নদীভাঙনের কারণে বসতবাড়ি, কৃষিজমি, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ স্থাপনা ঝুঁকির মধ্যে রয়েছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে ভবিষ্যতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে বলে তারা জানান।
স্মারকলিপি গ্রহণের পর জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী বলেন, দিঘীরপাড় এলাকার দাবিগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিষয়গুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসন কাজ করবে।
জেলা প্রশাসকের এ আশ্বাসে এলাকাবাসীর মধ্যে আশাবাদ সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, দীর্ঘদিনের দাবি দিঘীরপাড় ব্রিজ নির্মাণ, কান্দারবাড়ি নদীভাঙন রোধ এবং এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
দিঘীরপাড় যুব সমাজ ও আলেম সমাজের নেতৃবৃন্দ বলেন, এটি কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দাবি নয়; বরং পুরো এলাকার মানুষের ন্যায্য ও প্রাণের দাবি। এলাকার উন্নয়ন, জনদুর্ভোগ লাঘব এবং ভবিষ্যৎ প্রজন্মের স্বার্থে চার দফা দাবি বাস্তবায়নে প্রশাসনের দ্রুত পদক্ষেপ প্রয়োজন। গণস্বাক্ষরের মাধ্যমে সাধারণ মানুষের ব্যাপক সমর্থনও এ দাবির প্রতি প্রতিফলিত হয়েছে বলে তারা উল্লেখ করেন।