বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দেশকে দুর্নীতি, বৈষম্য ও আধিপত্যবাদমুক্ত করতে জনগণকে আরেকটি অনিবার্য বিপ্লবের জন্য প্রস্তুত থাকতে হবে।
শনিবার (২০ জুন) খুলনা সার্কিট হাউজ ময়দানে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, আগামীর আন্দোলন কোনো ব্যক্তি, পরিবার বা গোষ্ঠীকে ক্ষমতায় বসানোর জন্য নয়; বরং একটি ন্যায়ভিত্তিক, মানবিক ও জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে পরিচালিত হবে। তিনি যুবসমাজকে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
সমাবেশে তিনি সরকারের বিভিন্ন নীতি ও রাজনৈতিক অবস্থানের সমালোচনা করেন এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবি পুনর্ব্যক্ত করেন। একই সঙ্গে জনগণের মতামতকে সম্মান জানিয়ে সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার আহ্বান জানান।
সীমান্ত পরিস্থিতি ও জাতীয় সার্বভৌমত্বের বিষয়েও বক্তব্য দেন জামায়াত আমির। তিনি বলেন, দেশের স্বাধীনতা ও মর্যাদার প্রশ্নে কোনো আপস করা হবে না এবং জনগণ সব ধরনের অন্যায় ও আধিপত্যবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকবে।
সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন এবং গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও জনদুর্ভোগ নিরসনের দাবিতে বক্তব্য রাখেন।