কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা করছে পুলিশ। এ কারণে সব ইউনিটকে প্রয়োজনীয় সতর্কতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশ সদর দপ্তরের গোয়েন্দা তথ্য অনুযায়ী, আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন জেলা ও মহানগরে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, ব্যানার নিয়ে মিছিল ও অন্যান্য কর্মসূচি পালনের চেষ্টা করতে পারেন। এসব কর্মসূচিকে কেন্দ্র করে অন্যান্য রাজনৈতিক দল, বিশেষ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মীদের সঙ্গে সংঘর্ষের আশঙ্কা রয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের ডিআইজি (কনফিডেনশিয়াল) মো. কামরুল আহসান স্বাক্ষরিত এক নির্দেশনায় বলা হয়, আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দেওয়া হলে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিও ক্ষোভ সৃষ্টি হতে পারে। তাই পরিস্থিতি মোকাবিলায় আগাম প্রস্তুতি গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
এ নির্দেশনা অনুযায়ী, সব মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে বলা হয়েছে।
সম্প্রতি আওয়ামী লীগের নামে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও প্রচারপত্র বিতরণকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দেয়। বৃহস্পতিবার রাজধানীর মহাখালী এলাকায় একটি ঝটিকা মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। একই দিনে গণভবনের সামনে যুবলীগের মিছিলও অনুষ্ঠিত হয়।
পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক সংগঠনের কর্মকাণ্ডের কারণে যাতে জননিরাপত্তা বিঘ্নিত না হয়, সেজন্য সার্বিক পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা ও সহিংসতা প্রতিরোধে মাঠপর্যায়ে নজরদারিও জোরদার করা হয়েছে।