সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানিয়েছেন, আগামী দুই বছরের মধ্যে গাবতলী বাসস্ট্যান্ড হেমায়েতপুরে এবং সায়েদাবাদ বাসস্ট্যান্ড কাঁচপুরে স্থানান্তর করা হবে। পাশাপাশি বর্তমান বাসস্ট্যান্ডগুলোর পরিবেশ ও ব্যবস্থাপনা উন্নয়নে আগামী চার থেকে ছয় মাসের মধ্যে দৃশ্যমান পরিবর্তন আনা হবে।
বৃহস্পতিবার (১৮ জুন) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ)-এর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান।
মন্ত্রী বলেন, বর্তমান বাসস্ট্যান্ডগুলোতে মানসম্মত পরিবেশের অভাব রয়েছে। সোহাগ ও গ্রিন লাইনের মতো উন্নতমানের এসি বাস পরিচালনার জন্য প্রয়োজনীয় সুবিধা সেখানে নেই। এ কারণে অনেক পরিবহন কোম্পানি নিজস্ব টার্মিনাল বা অফিস থেকে যাত্রী ওঠানামার ব্যবস্থা করছে, যেখানে উন্নত পরিবেশ ও টয়লেট সুবিধা রয়েছে।
তিনি আরও বলেন, রাজধানীর বাস ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার কাজ করছে। এর অংশ হিসেবে ভবিষ্যতে বেসরকারি বাস কোম্পানিগুলো আর কলাবাগানসহ রাজধানীর বিভিন্ন স্থানে নিজেদের মতো করে অস্থায়ী স্ট্যান্ড তৈরি করে যাত্রী ওঠানামা করাতে পারবে না।
রবিউল আলম জানান, বাস টার্মিনাল ও পরিবহন ব্যবস্থাপনায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে কিছুটা সময় লাগলেও শিগগিরই এর সুফল দৃশ্যমান হবে।