প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার একদিনের সফরে মৌলভীবাজার জেলা পরিদর্শনে যাবেন। সফরের প্রধান আকর্ষণ হিসেবে বিভিন্ন এলাকার সুবিধাভোগী পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমে অংশ নেবেন তিনি।
মঙ্গলবার প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকাল ১০টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখান থেকে তিনি সড়কপথে মৌলভীবাজারের উদ্দেশে রওনা হবেন।
দুপুর ১টায় শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এ পর্যায়ে শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
পরে দুপুর আড়াইটায় মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত আরেকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। সেখানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ১৫২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে।
অনুষ্ঠান শেষে বিকেলে প্রধানমন্ত্রী মৌলভীবাজার সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে দুসাই রিসোর্টের উদ্দেশে রওনা হবেন। সেখানে সংক্ষিপ্ত বিশ্রামের পর একটি রাজনৈতিক সভায় অংশ নেবেন তিনি।
দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।