নেত্রকোনা প্রতিনিধি :
নেত্রকোনার মদনে পুলিশের ওপর হামলা করায় সরকারী হাজী আব্দুল আজিজ খান কলেজ ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু কে বহিস্কার করা হয়েছে। শুক্রবার জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম খান পাঠান এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এর আগে বৃহস্পতিবার বিকালে দূরপাল্লার যাত্রীদের হয়রানির খবর পেয়ে পৌর শহরের কলেজ মোড় এলাকায় উপজেলা প্রশাসন অভিযানে যায়। এ সময় অভিযানের কাজে বাঁধা দেন মিঠু। এ নিয়ে প্রশাসনের লোকজনের সাথে তর্কে জড়িয়ে পড়েন তিনি।
এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে মিঠুর আঘাতে মো.ফরিদুল ইসলাম ও আতাউর রহমান নামের দুই পুলিশ সদস্য আহত হয়। পরে পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। এ ঘটনায় মিঠুর বিরুদ্ধে সরকারি কাজে বাঁধা ও পুলিশের উপর হামলার ঘটনায় মদন থানায় মামলার প্রস্তুতি চলছে।
সৈয়দ মিঠু মদন পৌর সদরের ৫নম্বর ওয়ার্ডের মদন কান্দাপাড়া গ্রামের সৈয়দ রঞ্জু মিয়ার ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মদন সরকারী হাজী আব্দুল আজিজ খান ডিগ্রী কলেজ ছাত্রদলের সভাপতি সৈয়দ মিঠু মিয়া কে দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়।
ছাত্রদলের জেলা সভাপতি অনিক মাহবুব চৌধুরী ও সাধারণ সম্পাদক শামছুল হুদা শামীম শুক্রবার এই সিদ্ধান্ত অনুমোদন করেন। মিঠুকে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতৃবৃন্দকে তার সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশ প্রদান করা হলো।
মদন থানার ভারপ্রাপ্ত (ওসি) মো. তরিকুল ইসলাম জানান, দূরপাল্লার যাত্রীদের ভোগান্তির খবর পেয়ে ঘটনাস্থলে উপজেলা প্রশাসন যায়। এ সময় মিঠু নামের এক যুবক আঘাতে দুই পুলিশ সদস্যকে আহত হয়। এ ঘটনায় অভিযুক্ত যুবক মিঠুকে আটক করা হয়। মামলার প্রস্তুতি পূর্বক পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী জানান, দলীয় শৃঙ্খলা ভঙ্গ করায় মদন সরকারি হাজী আব্দুল আজিজ খান ডিগ্রি কলেজের সভাপতি সৈয়দ মিঠুকে বহিস্কার করা হয়েছে। জেলা ছাত্রদল কোন অপরাধীকে আশ্রয় প্রশ্রয় দেয় না। অপরাধী যেই হোক জেলা ছাত্রদল তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করে।
উল্লেখ, মদন সরকারি কলেজ মোড় এলাকায় চট্টগ্রামগামী বাসে যাত্রীদের চরম দূর্ভোগ ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ ওঠে। এমন খবর পেয়ে মদন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাদির হোসেন শামীম পুলিশ নিয়ে ঘটনাস্থলে যান। এ সময় যাত্রীরা নানা হয়রানি নিয়ে প্রশাসনের কাছে অভিযোগ করে।
এ সময় ওই স্থানে আসে ছাত্রদল নেতা সৈয়দ মিঠু । পরে পুলিশ তাকে একটু দূরে সরতে বললে পুলিশের সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এ সময় সৈয়দ মিঠুর আঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়। আহত দুই পুলিশ সদস্যকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।