মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার মাওয়া পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় যৌথ অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ১০ লাখ টাকা মূল্যের ২২ লাখ পিস অবৈধ বাগদা রেণু জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড। এ সময় রেণু পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও আটক করা হয়।
বুধবার (৩ জুন) ভোর ৫টা থেকে সকাল ৮টা পর্যন্ত মাওয়া টোল প্লাজা সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে অংশ নেন লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলামসহ মৎস্য বিভাগের কর্মকর্তারা এবং মাওয়া কোস্ট গার্ডের সদস্যরা।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে বাগেরহাটের উদ্দেশে একটি ট্রাকে বিপুল পরিমাণ অবৈধ বাগদা রেণু পরিবহন করা হচ্ছে—এমন তথ্যের ভিত্তিতে টোল প্লাজা এলাকায় নজরদারি বাড়ানো হয়। পরে সন্দেহভাজন ট্রাকটি থামিয়ে তল্লাশি চালালে বিশেষ পাত্রে সংরক্ষিত প্রায় ২২ লাখ পিস বাগদা রেণু উদ্ধার করা হয়। জব্দকৃত রেণুর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা।
লৌহজং উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম বলেন, “মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী অবৈধভাবে বাগদা রেণু আহরণ, পরিবহন ও বিপণন সম্পূর্ণ নিষিদ্ধ। বাগদা রেণু সংগ্রহের সময় বিপুল পরিমাণ অন্যান্য মাছের পোনা ও জলজ প্রাণী ধ্বংস হয়, যা নদী ও উপকূলীয় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর।”
তিনি আরও জানান, উদ্ধার হওয়া বাগদা রেণুগুলো জীবিত থাকায় সেগুলো পরবর্তীতে পদ্মা নদীতে অবমুক্ত করা হয়েছে, যাতে প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণ করা সম্ভব হয়।
এ ঘটনায় ট্রাকচালকের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে ট্রাকটি ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা।
মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের কর্মকর্তারা বলেন, দেশের জলজ সম্পদ রক্ষা এবং অবৈধ বাগদা রেণু আহরণ ও পাচার প্রতিরোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সংশ্লিষ্টদের আইন মেনে মৎস্যসম্পদ আহরণ ও পরিবহনের আহ্বান জানান তারা।