বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, ‘আমরা গুপ্ত তো অবশ্যই; তবে আমরা দেশের ভেতরে গুপ্ত ছিলাম, বাইরে যাইনি। তিন বছরের মতো জেলে ছিলাম, ওটা তো গুপ্তই।
ওইরকম গুপ্ত থেকেই তো লড়াই করে দেশটাকে মুক্ত করেছি। আমরা এদেশেই থাকব, এদেশে থাকার নাম যদি গুপ্ত হয়, তাহলে আমি গর্বিত গুপ্ত।’
মঙ্গলবার (২ জুন) বিকেলে সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামী আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান এসব কথা বলেন।
জামায়াতের আমীর বলেন, ‘আমরা ইনশাআল্লাহ এ দেশেই থাকব। এ দেশে থাকার নাম যদি গুপ্ত হয়, তাহলে অবশ্যই আমি গর্বিত গুপ্ত। দেশ ছেড়ে নিরাপদ আশ্রয়ে থাকার নাম যদি বীরত্ব হয়, তাহলে ওই বীরত্বকে ঘৃণা করি।’
তিনি বলেন, ‘রাজনীতি করতে হলে দেশের মানুষকে ধারণ করে করতে হবে। সুদিনে যেমন থাকব, ইনশাআল্লাহ দুর্দিনেও তেমন থাকব। দেশ ছেড়ে পালাবো না ইনশাআল্লাহ।’
জামায়াতে ইসলামীর আমীর আরও বলেন, ‘আমরা পরিবর্তন চেয়েছিলাম, জাতীয় পরিবর্তন চেয়েছিলাম; বিশেষ করে আমাদের যুব সমাজ। গণভোটটা ছিল পরিবর্তনের রায়। সেখানে মোটাদাগে ৪টা কথা ছিল।
সেগুলো যদি বাস্তবায়ন হতো, তাহলে বাংলাদেশে তিন মাসের একটা সরকারকে আজকেই বিভিন্ন জায়গায় গিয়ে “ভুয়া, ভুয়া” শুনতে হতো না। মানুষ তাদের স্বাগত জানাত। কিন্তু প্রথম দিন থেকেই জাতিকে অপমান করা হলো, ঝুঁকির দিকে ঠেলে দেয়া হলো।’