ঈদযাত্রাকে কেন্দ্র করে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে। গত ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে ৩২ হাজার ৬৫৯টি যানবাহন পারাপার হয়েছে। এসব যানবাহন থেকে মোট ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা টোল আদায় করা হয়েছে।
রোববার (২৪ মে) সকালে বিষয়টি নিশ্চিত করেন যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন।
সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার রাত ১২টা থেকে শনিবার রাত ১২টা পর্যন্ত উত্তরবঙ্গগামী ১৬ হাজার ৭৫৩টি যানবাহন সেতু পার হয়েছে। এ খাত থেকে আদায় হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৭ হাজার ১৫০ টাকা। একই সময়ে ঢাকামুখী ১৫ হাজার ৮৯৬টি যানবাহন পারাপার করে, যেখান থেকে টোল আদায় হয় ১ কোটি ৪৭ লাখ ৬২ হাজার ৭৫০ টাকা।
সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদযাত্রার চাপ সামাল দিতে শনিবার থেকেই সেতুর উভয় পাশে ৯টি করে মোট ১৮টি বুথ চালু রাখা হয়েছে। এর মধ্যে মোটরসাইকেলের জন্য আলাদা দুটি করে বুথ ব্যবস্থাও রাখা হয়েছে। তিনি বলেন, সার্বক্ষণিক টোল আদায় কার্যক্রম সচল রাখতে কর্তৃপক্ষ কাজ করছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে যমুনা সেতু চালুর পর থেকেই টোল আদায় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। আগে কমিউটার সিস্টেম নেটওয়ার্ক (সিএনএস) টোল আদায়ের দায়িত্বে থাকলেও, সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের শেষ দিক থেকে বর্তমানে চায়না রোড অ্যান্ড ব্রিজ কর্পোরেশন এ দায়িত্ব পালন করছে।