মাসুম হোসেন অন্তু, শাহজাদপুর প্রতিনিধিঃ
রামিসা, আসিয়া সহ দেশব্যাপী শিশু ধর্ষণ ও হত্যার প্রতিবাদে এবং জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতীকী লাশ নিয়ে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) দুপুর ২টার দিকে শাহজাদপুর উপজেলার পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়কে এই মিছিল অনুষ্ঠিত হয়।
শাহজাদপুরের সর্বস্তরের জনগণের পক্ষে সামাজিক সংগঠন রূপান্তর এ মিছিলের আয়োজন করে। এ মিছিলে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। মিছিলে অংশগ্রহণকারীরা রামিসা আসিয়া সহ সকল শিশু ধর্ষণ ও হত্যার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দোষীদের দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
একই সাথে ভবিষ্যতে এ ধরনের নৃশংস ঘটনা প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে পরিবার, সমাজ ও প্রশাসনকে একসাথে কাজ করতে হবে। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে এ ধরনের অপরাধ বন্ধ হবে না বলেও মন্তব্য করেন তারা।
প্রতীকী লাশ নিয়ে আয়োজিত এই ব্যতিক্রমধর্মী মিছিলটি শাহজাদপুর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং পথচারীদের মাঝে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেয়। মিছিলটি শাহজাদপুর সরকারি কলেজ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহজাদপুর প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
এরপর সেখানে এই সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, জিদান হোসেন, রাতুল বিন হোসেন, আরাফ রহমান, বাসার খন্দকার, আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।