ঢাকায় ধর্ষণের পর শিশু রামিসাকে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও প্রকাশ্যে ফাঁসির দাবিতে শেরপুর শহরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে শহরের খরমপুর মোড়ে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আজকের তারুণ্য’-এর আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
মানববন্ধনে অংশ নিয়ে নিহত রামিসার চাচা শফিউদ্দিন মোল্লা আবেগঘন বক্তব্যে বলেন, ‘আমাদের ফুলের মতো মেয়েটা আজ নেই। খুনি মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে অপরাধ স্বীকার করেছে। তাই আমরা চাই, দোষীদের প্রকাশ্যে দিবালোকে ফাঁসি কার্যকর করা হোক।’
তিনি আরও বলেন, ‘সরকারের কাছে বিশেষ অনুরোধ, এমন জঘন্য ও নৃশংস ঘটনা যেন আর বাংলাদেশে না ঘটে।’
সংগঠনটির সভাপতি রবিউল ইসলাম রতনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন শেরপুর প্রেসক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সাবেক কাউন্সিলার মাসুদ রানা ও শ্রমিকদল নেতা শওকত হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় অভিযুক্ত মাসুদ রানা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। ফলে অপরাধের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে দাবি করেন তারা। এ অবস্থায় দ্রুত বিচার নিশ্চিত করে সর্বোচ্চ শাস্তি কার্যকরের দাবি জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
এ সময় বক্তারা হত্যাকাণ্ডের ছয় ঘণ্টার মধ্যে মূল আসামিকে গ্রেপ্তার করায় আইনশৃঙ্খলা বাহিনীর প্রশংসা করেন। পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সংঘটিত ধর্ষণ, শিশু হত্যা ও নৃশংস অপরাধের ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, রামিসার বাবা রাষ্ট্রকে চ্যালেঞ্জ করে বলেছেন— ‘আমি বিচার চাই না, আপনারা বিচার করতে পারবেন না। তাই রাষ্ট্রকে প্রমাণ করতে হবে, এই দেশে অপরাধীদের বিচার হয় এবং ভবিষ্যতে আর কোনো রামিসাকে এমন নির্মম পরিণতির শিকার হতে হবে না।’