পটুয়াখালীর বাউফল ও দুমকি উপজেলার লাখো মানুষের বহুদিনের স্বপ্ন এবার বাস্তবতার পথে। লোহালিয়া নদীর ওপর বহুল প্রত্যাশিত ‘বগা সেতু’ নির্মাণে সরাসরি উদ্যোগ নিয়েছে সরকার। আর এই উদ্যোগের পেছনে অনুপ্রেরণা হয়ে উঠেছে এক শিশুর হৃদয়ছোঁয়া আবেদন।
বাউফলের দাসপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী আবিরা (৮) যোগাযোগ দুর্ভোগে থাকা মানুষের কষ্টের কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বরাবর একটি চিঠি লেখে। সেই চিঠি নজরে আসতেই প্রধানমন্ত্রীর নির্দেশে সম্ভাব্যতা যাচাইয়ে বগা ফেরিঘাট এলাকা পরিদর্শনে যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম।
মঙ্গলবার (১৯ মে) দুপুরে দুমকি উপজেলার চরগরবদী ইসলামিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয়দের সঙ্গে মতবিনিময় সভায় মন্ত্রী জানান, বাংলাদেশ ও চীন সরকারের যৌথ অর্থায়ন ও কারিগরি সহায়তায় ‘বাংলাদেশ-চীন মৈত্রী সেতু’ নামে এ সেতু নির্মাণ করা হবে। সবকিছু অনুকূলে থাকলে চলতি বছরের শেষ দিকে অথবা আগামী বছরের শুরুতেই নির্মাণকাজ শুরু হতে পারে।
মন্ত্রী বলেন,“আমি এখানে এসেছি প্রধানমন্ত্রীর নির্দেশে। ছোট্ট আবিরা সেতুর দাবিতে একটি চিঠি লিখেছে। বিষয়টি সংবাদমাধ্যমে দেখে প্রধানমন্ত্রী আমাকে জানিয়েছেন। এরপরই আমি এখানে ছুটে এসেছি। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আবিরাকে ধন্যবাদ। এত অল্প বয়সে সে উন্নয়ন নিয়ে ভাবছে, এটি সত্যিই প্রশংসনীয়।”
দীর্ঘদিন ধরে লোহালিয়া নদী পারাপারে ফেরিনির্ভর এই অঞ্চলের মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, চাকরিজীবী ও ব্যবসায়ীদের দুর্ভোগ ছিল নিত্যদিনের চিত্র। বর্ষা মৌসুমে দুর্ভোগ আরও বেড়ে যায়। স্থানীয়দের মতে, একটি সেতুর অভাবে দুই উপজেলার মানুষের জীবনযাত্রা ও অর্থনৈতিক কার্যক্রম দীর্ঘদিন ধরে পিছিয়ে রয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, বগা সেতু নির্মিত হলে বাউফল, দুমকি, গলাচিপা ও আশপাশের কয়েকটি উপজেলার মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে। একই সঙ্গে কৃষি, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা ও চিকিৎসা সেবায় নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ সেতু।
এ সময় উপস্থিত ছিলেন পটুয়াখালী-১ (পটুয়াখালী সদর-মির্জাগঞ্জ-দুমকি) আসনের সংসদ সদস্য এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, পটুয়াখালী-2 (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী, পুলিশ সুপার মো. আবু ইউসুফসহ স্থানীয় বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
স্থানীয়দের প্রত্যাশা, বহু প্রতীক্ষিত বগা সেতুর নির্মাণকাজ দ্রুত শুরু হলে দক্ষিণাঞ্চলের যোগাযোগ ব্যবস্থায় নতুন যুগের সূচনা হবে এবং দীর্ঘদিনের দুর্ভোগ থেকে মুক্তি পাবে লাখো মানুষ।