জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, “আমরা ভারতের পক্ষেও না, আমেরিকার পক্ষেও না, চায়নার পক্ষেও না—আমরা কেবল বাংলাদেশের পক্ষে।”
মঙ্গলবার লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বোনচৌকি সীমান্তে বিএসএফের গুলিতে নিহত খাদিমুল ইসলামের পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
সীমান্তে ধারাবাহিক হত্যাকাণ্ডের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, বর্তমান সরকার সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। তার অভিযোগ, সরকার প্রকৃত নাগরিকদের বদলে সন্ত্রাসী ও চাঁদাবাজদের নিরাপত্তা দিচ্ছে।
তিনি বলেন, সীমান্তে যথাযথ নিরাপত্তা নিশ্চিত করা গেলে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) এভাবে বাংলাদেশিদের হত্যা করার সাহস পেত না।
নাসীরুদ্দীন পাটওয়ারী আরও বলেন, শান্তিকালীন সময়ে সীমান্তে সবচেয়ে বেশি নিরীহ বাংলাদেশিকে হত্যা করছে ভারত, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তিনি বিজিবি ও বাংলাদেশ সেনাবাহিনীকে আরও আধুনিক ও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
এনসিপি ক্ষমতায় গেলে শক্তিশালী ও স্বাধীন পররাষ্ট্রনীতি গ্রহণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, এমন আইন করা হবে যাতে কোনো দেশ বাংলাদেশের মানুষের ওপর নির্যাতন চালাতে না পারে।
উল্লেখ্য, গত ১৪ মে মানসিক ভারসাম্যহীন যুবক খাদিমুল ইসলামকে সীমান্ত এলাকায় গুলি করে হত্যা করে বিএসএফ বলে অভিযোগ উঠেছে।