মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা-এর দাফন সম্পন্ন হয়েছে। সোমবার (১৮ মে) সন্ধ্যা পৌনে ৬টায় নিজ জন্মস্থান লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের কলমা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জানাজা শেষে ডহুরি গ্রামে বাবার কবরের পাশে তাকে দাফন করা হয়।
জানাজায় মুন্সিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম আজাদ, মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন, সাবেক জেলা বিএনপির সদস্যসচিব মহিউদ্দিন আহমেদ-সহ হাজারো নেতাকর্মী ও স্থানীয় মানুষ অংশ নেন। এ সময় পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে।
এর আগে দুপুরে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়। প্রিয় নেতাকে শেষবারের মতো এক নজর দেখতে ভিড় করেন হাজারো মানুষ। দীর্ঘদিনের রাজনৈতিক সহকর্মী, শুভাকাঙ্ক্ষী ও সাধারণ মানুষ অশ্রুসিক্ত নয়নে তাকে বিদায় জানান। অনেককে কান্নায় ভেঙে পড়তে দেখা যায়।
রবিবার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সাবেক এই প্রতিমন্ত্রীর জানাজা অনুষ্ঠিত হয়। এতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অংশ নেন।
রাজনীতির পাশাপাশি শিল্প ও ব্যবসা খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল মিজানুর রহমান সিনহার। তিনি একমি ল্যাবরেটরিজ লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন। গত শুক্রবার রাতে সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর।
মিজানুর রহমান সিনহা মুন্সীগঞ্জ-২ (লৌহজং-টঙ্গিবাড়ী) আসন থেকে বিএনপির মনোনয়নে ১৯৯৬ ও ২০০১ সালে সংসদ সদস্য নির্বাচিত হন। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া কেন্দ্রীয় বিএনপির কোষাধ্যক্ষ হিসেবেও দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। সর্বশেষ ঘোষিত মুন্সিগঞ্জ জেলা বিএনপির কমিটিতে তিনি আহ্বায়কের দায়িত্বে ছিলেন।