রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, দীর্ঘ ১৭ বছর ধরে তারা ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে গেছেন।
তবে শেষ পর্যন্ত তরুণদের আত্মত্যাগ ও রক্তের বিনিময়েই দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। তিনি জনগণের রায়কে সম্মান জানানোর আহ্বান জানিয়ে বলেন, জাতির সঙ্গে কোনো ধরনের বিশ্বাসঘাতকতা করা উচিত নয়।
শনিবার (১৬ মে) ১১ দলীয় ঐক্যের আয়োজনে অনুষ্ঠিত এ সমাবেশে গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মার পানির ন্যায্য হিস্যার দাবি জানানো হয়।
ডা. শফিকুর রহমান বলেন, যাদের আত্মত্যাগের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সম্ভব হয়েছে, ক্ষমতায় যাওয়ার পর তাদের প্রতিই অবমূল্যায়ন করা হচ্ছে। তিনি অভিযোগ করেন, তরুণদের অবদান ভুলে গিয়ে এখন তাদের বিভিন্নভাবে কটাক্ষ করা হচ্ছে।
তিনি আরও বলেন, ভালো কাজের ক্ষেত্রে তারা সহযোগিতামূলক অবস্থানে থাকবেন, তবে অন্যায়ের বিরুদ্ধে কঠোর ভূমিকা পালন করবেন। পাশাপাশি পদ্মা ও তিস্তার পানিসংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করে নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে আরও বক্তব্য দেন নাসিরউদ্দিন পাটোয়ারী ও এনসিপির মুখ্য সংগঠক সারজিস আলম। তারা চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতির বিরোধিতা করে জনগণের স্বার্থে রাজনীতি করার আহ্বান জানান। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।