পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ওপর হামলার ঘটনায় বিএনপি ও এর সহযোগী সংগঠনের কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বিভাগের সহকারী নিরাপত্তা কর্মকর্তা মুকিত মিয়া বুধবার রাতে দুমকী থানায় মামলাটি করেন। মামলায় ২৬ জনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে গত সোমবার সকালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপাচার্য কাজী রফিকুল ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করে অবস্থান ধর্মঘট পালন করেন। এ সময় অভিযুক্তরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের নিরাপত্তাকর্মীদের ভয়ভীতি দেখিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন। পরে ফেসবুক লাইভের মাধ্যমে ঘোষণা দিয়ে দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আন্দোলনরতদের ওপর হামলা চালানো হয়। এতে কয়েকজন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী আহত হন। পাশাপাশি সরকারি মালামাল ভাঙচুর ও চুরির অভিযোগও আনা হয়েছে।
এজাহারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন দুমকী উপজেলা যুবদলের সাবেক সদস্যসচিব ও দল থেকে বহিষ্কৃত সালাউদ্দিন রিপন শরীফ, উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক বশির উদ্দিন, বিএনপি নেতা জসিম উদ্দিন হাওলাদার, যুবদল নেতা আহসান ফারুক ও এস এম সুলতান সাখাওয়াত, মহিলা দলের নেত্রী হেলেনা খানম, কৃষক দলের নেতা সৈয়দ শামীম ও আবদুল ওহাব এবং শ্রমিক দলের নেতা রুবেল শরীফসহ আরও অনেকে।
দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম উদ্দীন জানান, মামলার পর গোলাম কিবরিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি উপজেলা ছাত্রদলের সদস্য বলে ধারণা করা হচ্ছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হামলার ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেন এবং বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম ‘শাটডাউন’ ঘোষণা করা হয়। এরপর থেকে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের আন্দোলন চলমান রয়েছে।
এদিকে হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে উপজেলা বিএনপির অর্থবিষয়ক সম্পাদক বশির উদ্দিন, যুবদলের যুগ্ম আহ্বায়ক আহসান ফারুক ও সুলতান শওকত, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুসা ফরাজী এবং জেলা মহিলা দলের সদস্য হেলেনা খানমকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। পাশাপাশি সালাউদ্দিন রিপন শরীফসহ অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বহিষ্কারাদেশে উল্লেখ করা হয়েছে।