বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখায় ১২ বছর বয়সী এক শিশুকে বলাৎকারের অভিযোগে রুবেল নামের এক মুদি দোকানদারকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের বড়াইল এলাকার একটি জঙ্গল থেকে শিশুটিকে উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শাহবাজপুর বাজারে রুবেলের একটি মুদি দোকান রয়েছে। ভুক্তভোগী শিশুটি সেখানে কর্মচারী হিসেবে কাজ করত। অভিযোগ রয়েছে, মঙ্গলবার (১২ মে) রাতে রুবেল শিশুটিকে কৌশলে বড়াইল এলাকার একটি নির্জন জঙ্গলে নিয়ে বলাৎকার করে।
রাতে শিশুটি বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েন। তারা রুবেলের দোকানে গিয়ে সেটি বন্ধ দেখতে পান। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে বিভিন্ন স্থানে খোঁজ শুরু হয়।
একপর্যায়ে বুধবার সকালে বড়াইল জঙ্গল এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে পুলিশ। উদ্ধার হওয়ার পর শিশুটি জানায়, মুদি দোকানদার রুবেল তার সঙ্গে জোরপূর্বক খারাপ কাজ করেছে।
শিশুটির অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত রুবেলকে আটক করে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, ভুক্তভোগী শিশুটিকে উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।