নাটোর প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলাে মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) সদস্যরা। মঙ্গলবার (১২ মে) রাতে উপজেলার পদ্মা নদীর তীরবর্তী নবীনগর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহাগ মাহমুদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
লালপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, নাটোর র্যাব ক্যাম্পের ছয় সদস্যের একটি দল মোটরসাইকেল যোগে সিভিল পোশাকে নবীনগর এলাকায় মাদক ব্যবসায়ীদের তথ্য সংগ্রহ করতে যায়। এ সময় স্থানীয় যুবক সোহাগ মাহমুদর নেতৃত্বে ১৫ থেকে ২০ জন র্যাব সদস্যদের পথরোধ করে তাদের মোটরসাইকেলের চাবি কেড়ে নেয়। পরে বাকবিতন্ডার এক পর্যায়ে র্যাব সদস্যদের ওপর হামলা চালায় তারা।
সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা পুলিশের সঙ্গেও তর্কে জড়ায়। এ সময় র্যাবের ওপর হামলার নেতৃত্ব দেওয়া সোহাগ মাহমুদকে আটক করে পুলিশ। সেই সঙ্গে আহত ৫ র্যাব সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শাম্মী আক্তার জানান, আহতদের মধ্যে চারজন শারীরিক আঘাতজনিত কারণে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এছাড়া শাহীন নামের এক র্যাব সদস্য স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।