মোঃআতেফ ভূঁইয়া , গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত পরিচয়ের এক ভিক্ষুকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১২ মে) সকাল ৯টার দিকে শ্রীপুর উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের নগরহাওলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারান্দা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
শ্রীপুর থানার এসআই তাজুল ইসলাম জানান, স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী নিহত ব্যক্তি ভিক্ষাবৃত্তি করতেন। প্রতিদিনের মতো সোমবার দিনভর ভিক্ষা শেষে রাতে বিদ্যালয়ের বারান্দায় ঘুমিয়ে ছিলেন তিনি।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে স্থানীয়রা তাকে অসুস্থ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে সকাল ৯টার দিকে তার মৃত্যু হয়।
পুলিশ জানায়, ঘটনাস্থলে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ‘আবুল হোসেন’ নামের একটি জাতীয় পরিচয়পত্র উদ্ধার করা হয়েছে। পরিচয়পত্র অনুযায়ী তার বাড়ি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার হরিণটানা গ্রামে। তবে উদ্ধার হওয়া এনআইডিটি মৃত ব্যক্তির কি না, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।
এসআই তাজুল ইসলাম আরও জানান, মৃত ব্যক্তির শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্বাভাবিক মৃত্যুই হয়েছে তার। পাশাপাশি পরিচয় নিশ্চিত করতে এবং স্বজনদের খোঁজে কাজ করছে পুলিশ।
তিনি বলেন, “ভিক্ষুকের সঙ্গে থাকা ব্যাগ থেকে নগদ ৭০ হাজার ৮৬০ টাকা উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিন ভিক্ষাবৃত্তির মাধ্যমে জমানো অর্থ তিনি নিজের কাছেই রাখতেন।”