ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ বলেছেন, অতীতের নানা প্রতিকূলতা ও মামলার মুখোমুখি হয়েও তিনি আজ দেশের মানুষের ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রী হওয়ার সুযোগ পেয়েছেন, যা তিনি আল্লাহর ইচ্ছার প্রতিফলন হিসেবে উল্লেখ করেন।
শুক্রবার (৮ মে) কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা থানার মালিপাড়ায় মসজিদুল কো’বা উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বক্তব্যে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সময়কার নানা রাজনৈতিক বাধা ও মামলার প্রসঙ্গ তুলে ধরে বলেন, একসময় তার দেশে ফেরা, নির্বাচন করা কিংবা জনপ্রতিনিধি হওয়াও অনিশ্চিত ছিল। কিন্তু সব ষড়যন্ত্র কাটিয়ে তিনি জনগণের ভোটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বে মন্ত্রিত্ব পেয়েছেন।
ধর্মমন্ত্রী আরও বলেন, মাদক, জুয়া ও চাঁদাবাজি সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ দমনে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে এবং দলমত নির্বিশেষে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
একই দিনে বিকেলে তিনি মুরাদনগর উপজেলা পরিষদের সামনে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। স্থানীয় প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।