জাতীয় সংসদে হাওর অঞ্চলে বজ্রপাতে প্রাণহানির বিষয় নিয়ে আলোচনার সময় এক পর্যায়ে হাস্যরসের সৃষ্টি হয়। সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, “এত বজ্রপাত সুনামগঞ্জে হয়, জানলে তো বিয়েই করতাম না ওখানে।”
সোমবার (২৭ এপ্রিল) অধিবেশনে ৭১ বিধিতে জরুরি জনগুরুত্বপূর্ণ নোটিশের আলোচনায় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল তার এলাকায় বজ্রপাতের ভয়াবহতা তুলে ধরেন। তিনি বলেন, হাওরাঞ্চলে কৃষক ও জেলেদের কাজ করতে গিয়ে প্রায়ই বজ্রপাতে প্রাণহানি ঘটে। সাম্প্রতিক ঘটনায় দেশে ১২ জন নিহত হয়েছেন, যার মধ্যে চারজন তার নির্বাচনি এলাকার।
জবাবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানান, বজ্রপাত এখন বড় দুর্যোগে পরিণত হয়েছে। এ বিষয়ে সচেতনতা বাড়াতে সাইরেন স্থাপন, তালগাছ রোপণ এবং বজ্রনিরোধক টাওয়ার বসানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
আলোচনার এক পর্যায়ে স্পিকারের মন্তব্যে সংসদে হাসির রোল পড়ে যায়। তবে তিনি বিষয়টির গুরুত্বও তুলে ধরেন এবং ঝুঁকিপূর্ণ এলাকায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।