মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্টেনোটাইপিস্ট মো. মিজানুর রহমানকে ঘুষ গ্রহণসহ নানা অনিয়মের অভিযোগে প্রত্যাহারের পর শরীয়তপুরে বদলি করা হয়েছে। রোববার ঢাকা বিভাগীয় স্বাস্থ্য কার্যালয় থেকে জারি করা এক আদেশে এ বদলির নির্দেশ দেওয়া হয়।
আদেশ সূত্রে জানা গেছে, প্রশাসনিক কারণে তাকে শরীয়তপুর সিভিল সার্জন কার্যালয়ে পদায়ন করা হয়েছে। সংশ্লিষ্ট আদেশে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা. মোহাম্মদ জাহাঙ্গীর আলম এবং সহকারী পরিচালক (প্রশাসন) ডা. জমির মো. হাসিবুস সাওয়ার স্বাক্ষর রয়েছে।
বদলির নির্দেশনায় বলা হয়, আগামী তিন কর্মদিবসের মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে চতুর্থ কর্মদিবস থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলে গণ্য করা হবে।
এদিকে, আলোচিত এ কর্মকর্তার বদলির খবরে স্থানীয় সাংবাদিক মহলে স্বস্তি দেখা গেলেও সচেতন মহল বলছে, অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত হওয়া জরুরি। বিশেষ করে তার বিরুদ্ধে উত্থাপিত অবৈধ সম্পদ অর্জনের বিষয়টি খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তের দাবি জানিয়েছেন তারা।
স্থানীয়দের মতে, শুধুমাত্র বদলি নয়—অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণই হবে সঠিক পদক্ষেপ। পাশাপাশি ভবিষ্যতে যাতে তিনি আবার প্রভাব খাটিয়ে পূর্বের কর্মস্থলে ফিরে আসতে না পারেন, সে বিষয়েও কর্তৃপক্ষের কঠোর নজরদারি কামনা করেছেন তারা।