সৌদি আরবে নিজেকে মন্ত্রী নয়, বরং হাজিদের সেবক হিসেবে কাজ করতে যাচ্ছেন বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
শুক্রবার (১৭ এপ্রিল) রাতে ‘হজ ফ্লাইট-২০২৬’ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি হজ ব্যবস্থাপনায় সেবামূলক মানসিকতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হাজিদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই তার প্রধান লক্ষ্য।
মন্ত্রী জানান, হজ ব্যবস্থাপনা আরও উন্নত করতে যা যা প্রয়োজন, তা করা হবে এবং কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাস্ত করা হবে না।
তিনি আরও বলেন, সীমিত সময়ের মধ্যেও এবারের হজ প্রস্তুতিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হয়েছে। আগের বছরের তুলনায় দ্রুত ভিসা প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, টিকিট ব্যবস্থা সহজ করা হয়েছে এবং শতভাগ আবাসনের ব্যবস্থা নিশ্চিত করা গেছে।
এ সময় সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলোর কর্মীদের প্রশংসা করে তিনি বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও সৌদি এয়ারলাইন্সের কর্মীরা আন্তরিকভাবে দায়িত্ব পালন করছেন, যার ফলে হজযাত্রা নির্বিঘ্ন হবে বলে আশা করা যায়।
হজযাত্রীদের উদ্দেশে দোয়া কামনা করে ধর্মমন্ত্রী বলেন, আল্লাহ যেন তাদের হজ কবুল করেন এবং তারা নিরাপদে দেশে ফিরে আসতে পারেন। পাশাপাশি, দায়িত্ব পালনে সততা ও ন্যায়ের পথে থাকার আহ্বানও জানান তিনি।