মহরম হাসান ,খুলনা
সুন্দরবনের একটি খাল থেকে শিকারিদের ফেলে যাওয়া নৌকা তল্লাশি করে জবাই করা একটি হরিণ উদ্ধার করেছে বন বিভাগের টহল দল। টহল দলকে দেখে শিকারিরা নৌকা ফেলে বনের ভেতরে পালিয়ে যায়। সোমবার সুন্দরবনের কেয়াবুনিয়া খাল এলাকায় এ ঘটনা ঘটে।
বন বিভাগ সূত্রে জানা যায়, খুলনা জেলার কয়রা উপজেলা টহল ফাঁড়ির সদস্যরা হায়াতখালী টহল ফাঁড়ির বনরক্ষীদের সঙ্গে যৌথভাবে টহলে বের হন। কয়রা নদী পার হয়ে কেয়াবুনিয়া খাল এলাকায় পৌঁছালে তারা দুটি নৌকা আসতে দেখেন। টহল দলের উপস্থিতি টের পেয়ে নৌকায় থাকা শিকারিরা দ্রুত নৌকা ফেলে বনের ভেতরে পালিয়ে যায়।
কয়রা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা সজল মজুমদার জানান, শিকারিদের ধাওয়া করা হলেও ঘন জঙ্গলের মধ্যে ঢুকে পড়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে ফেলে যাওয়া একটি নৌকা তল্লাশি করে জবাই করা একটি হরিণ উদ্ধার করা হয়। অপর একটি নৌকা থেকে হরিণ শিকারের ২০টি ফাঁদ, দুটি দা এবং একটি ছুরি উদ্ধার করা হয়েছে।
উদ্ধার করা হরিণটি রাতে কয়রা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়। আদালত ভবনের একটি কক্ষে সেটি রাখা ছিল বলে জানান উপস্থিত বনকর্মীরা। তাদের ধারণা, শিকারিদের পাতা ফাঁদে আটকে গিয়ে হরিণটির পা ভেঙে যেতে পারে।
সুন্দরবন পশ্চিম বন বিভাগের কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, টহল জোরদার করায় এখন বেশি ফাঁদ উদ্ধার করা সম্ভব হচ্ছে। অনেক সময় ফাঁদে আটকে থাকা জীবিত হরিণ উদ্ধার করে আবার বনে অবমুক্ত করা হয়। তিনি আরও জানান, উদ্ধার করা জবাই করা হরিণটি আদালতের নির্দেশে মাটিচাপা দেওয়া হয়েছে।
তিনি বলেন, শিকার হওয়ার পর হরিণ উদ্ধার নয়, শিকার হওয়ার আগেই বন্যপ্রাণীকে রক্ষা করাই আমাদের মূল লক্ষ্য।