ভূমিকম্পের সম্ভাব্য ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঢাকায় এক লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী—এ তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু।
রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন এলাকায় ভূমিকম্পের প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকার আদলে ঢাকাকেন্দ্রিক স্বেচ্ছাসেবক দল গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে খেলার মাঠ ও খোলা স্থানগুলো চিহ্নিত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
মন্ত্রী আরও জানান, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ, জনসচেতনতা বৃদ্ধি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বয় জোরদারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
এছাড়া, ভূমিকম্প ঝুঁকি কমাতে কঠোরভাবে বিল্ডিং কোড বাস্তবায়নের ওপর জোর দেওয়া হয়েছে। এ বিষয়ে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা আহ্বানের পরামর্শও দেওয়া হয়েছে বলে জানান তিনি।