মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জ সদরের মোল্লাকান্দি ইউনিয়নে আলুর জমিতে কুড়িয়ে পাওয়া অবিস্ফোরিত ককটেল বিস্ফোরণে মো. মোস্তাফিজ (৮) নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৪টার দিকে উপজেলার মুন্সিকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
আহত মোস্তাফিজ মুন্সিকান্দি গ্রামের মো. আল আমিনের ছেলে। বিস্ফোরণের পরপরই পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতাল-এ নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ রেফার করেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মসজিদ থেকে কোরআন শরীফ পড়ে বাড়ি ফেরার পথে মোস্তাফিজ আলুর ক্ষেতে পড়ে থাকা একটি অবিস্ফোরিত ককটেল দেখতে পায়। খেলনা ভেবে সেটি বাড়িতে নিয়ে যায়। পরে টিনের ঘরে লুকিয়ে রাখার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে তার একটি হাত মারাত্মকভাবে ক্ষতবিক্ষত হয়।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মমিনুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটির চিকিৎসা চলছে। কে বা কারা ককটেলটি সেখানে ফেলে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে।