প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তৃতীয় কর্মদিবসে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রথমবার অফিস করেছেন তারেক রহমান। শনিবার (২১ ফেব্রুয়ারি ২০২৬) কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ড. মাহদী আমিন জানান, নির্বাচনী ইশতেহার অনুযায়ী
ইমাম, মুয়াজ্জিন, খতিবসহ বিভিন্ন ধর্মের ধর্মগুরুদের মাসিক সম্মানী ও উৎসব ভাতা প্রদানের বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের লক্ষ্য, আসন্ন ঈদের আগেই পর্যায়ক্রমে এ কার্যক্রম শুরু করা।
ড. মাহদী আমিন বলেন, একটি টেকনিক্যাল ও আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ অনুযায়ী ভাতার পরিমাণ নির্ধারণ করা হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী অফিসে এসে বৃক্ষরোপণ করেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেন।
বৈঠকে কর্মসংস্থান, শিক্ষা সংস্কার, কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার এবং ব্যবসা-বাণিজ্যে নীতিগত সংস্কার নিয়েও আলোচনা হয়। সরকার দ্রুত প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ শুরু করবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা।