বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণ চাইলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা–র সন্তানরাও রাজনীতিতে ফিরতে পারেন। শুক্রবার (৬ ফেব্রুয়ারি) ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স–কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
শেখ হাসিনার সন্তানরা বিদেশ থেকে ফিরে রাজনীতিতে যুক্ত হতে পারবেন কি না—এমন প্রশ্নের জবাবে তারেক রহমান বলেন, “যদি কাউকে মানুষ গ্রহণ করে এবং স্বাগত জানায়, তাহলে যে কারো রাজনীতি করার অধিকার রয়েছে।” তিনি বলেন, রাজনীতিতে অংশগ্রহণের মূল চূড়ান্ত সিদ্ধান্ত জনগণের ওপরই নির্ভর করে।
সাক্ষাৎকারে তিনি আরও বলেন, নির্বাচনের পর জামায়াতে ইসলামীর সঙ্গে ঐক্য সরকার গঠনের কোনো সম্ভাবনা নেই। তার ভাষায়, “আমার রাজনৈতিক প্রতিপক্ষের সঙ্গে সরকার গঠন করলে বিরোধী দল থাকবে কে?”
নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান জানান, বিএনপি সরকার গঠনের বিষয়ে আত্মবিশ্বাসী। যদিও কতটি আসনে জয় পাবে—সে বিষয়ে নির্দিষ্ট সংখ্যা উল্লেখ করেননি তিনি। তবে তার সহযোগীদের দাবি, দুই-তৃতীয়াংশের বেশি আসনে জয়লাভের বিষয়ে দলটি আশাবাদী।
পররাষ্ট্রনীতি প্রসঙ্গে তিনি বলেন, বাংলাদেশ কোনো নির্দিষ্ট দেশের দিকে ঝুঁকবে না। বরং দেশের স্বার্থ, সার্বভৌমত্ব ও জনগণের কল্যাণ নিশ্চিত করে যে কোনো অংশীদারের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে। তরুণদের কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধিই হবে ভবিষ্যৎ সরকারের প্রধান অগ্রাধিকার বলে উল্লেখ করেন তিনি।