সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া–এর মরদেহ জানাজাস্থলের উদ্দেশে নিয়ে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুধবার বেলা ১১টার দিকে তিনি গুলশানে নিজের বাসা থেকে গাড়িবহর নিয়ে মানিক মিয়া এভিনিউ–এর উদ্দেশে রওনা হন।
এর আগে সকাল ৯টা ১০ মিনিটে গুলশান–২ এর ১৯৬ নম্বর সড়কে অবস্থিত তারেক রহমানের বাসায় খালেদা জিয়ার মরদেহবাহী গাড়িটি প্রবেশ করে। সে সময় এলাকাজুড়ে দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের মানুষের মধ্যে শোকের আবহ বিরাজ করছিল।
ভিডিওতে দেখা যায়, মায়ের মরদেহবাহী গাড়ির পাশে একটি চেয়ারে বসে কোরআন তেলাওয়াত ও দোয়া পড়ছেন তারেক রহমান। এই বাসাতেই পরিবার, আত্মীয়স্বজন এবং দলের শীর্ষ পর্যায়ের নেতাকর্মীরা শেষবারের মতো খালেদা জিয়াকে শ্রদ্ধা জানান।
খালেদা জিয়ার মরদেহ বহনকারী ফ্রিজিং গাড়িটি জাতীয় পতাকায় মোড়ানো ছিল। গাড়ির সামনে ও পেছনে স্পেশাল সিকিউরিটি ফোর্স, সেনাবাহিনী, বিজিবি, র্যাব ও পুলিশের সদস্যরা কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলেন।